Thursday, August 30, 2018

কঠোর অনুশীলনে টাইগাররা


ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের অধরা শিরোপার স্বাদ পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার ১৪তম আসরকে সামনে রেখে গত সোমবার থেকে প্রস্তুতি নেয়া শুরু করেছে স্টিভ রোডসের শিষ্যরা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিনের মতো কঠোর অনুশীলনে নামে স্টিভ রোডসের শিষ্যরা। গত দুদিনের মতোই ফিল্ডিং এবং ক্যাচ অনুশীলনের ওপর বেশ গুরুত্ব দেন ইংলিশ কোচ। আজ অনুশীলন শেষে শুক্র এবং শনিবার দুদিন বিশ্রামে থাকবেন মাশরাফি বাহিনী। রবিবার থেকে ফের পুরোদমে অনুশীলন শুরু করবেন তারা।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেই টাইগারদের ফিল্ডিংয়ের ঘাটতির কথা জানিয়েছিলেন কোচ স্টিভ রোডস। ফিল্ডিংয়ে তাদের উন্নতির জন্য সর্বপ্রকার ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি। সময় এসেছে টাইগারদের ভুল-ত্রুটি সংশোধনের। আসন্ন এশিয়া কাপকে সামনে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগার কোচ। বরাবরের মতো গতকালও মাশারাফি বাহিনীদের হাড়ভাঙা পরিশ্রম করান। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। খেলায় যাতে তামিম-সাকিবরা ক্যাচ মিস না করে সেদিক বিবেচনা করে গত মঙ্গলবারে এক হাতে ক্যাচ প্র্যাকটিস করানো হয়। গতকালও সেই ধারা অব্যাহত রাখেন রোডস। এদিন এক হাতের পাশাপাশি দুহাতে ক্যাচ ধরার প্র্যাকটিস করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সেই সঙ্গে কিছুক্ষণ ফিল্ডিং প্র্যাকটিসও করেন। অনুশীলনের প্রথম ৩ দিনে টাইগারদের ফিল্ডিংয়ে বেশ উন্নতি হয়েছে বলে জানান স্টিভ রোডস। শিষ্যদের ঝালাই করে নিতে আজ বৃহস্পতিবার ফের ফিল্ডিং এবং ক্যাচ প্র্যাকটিস করানো হবে। শুক্র ও শনিবার বিশ্রাম শেষে রবিবার থেকে টানা পাঁচ দিন ব্যাটিং প্রাকটিস এবং জিমে সময় দিবে মাশরাফি বাহিনী। ফের দুদিন বিশ্রামে থেকে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের দ্বিতীয় এবং শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন কিংবা রানার-আপ হতে পারলেই সুপার ফোরে জায়গা করে নেবে স্টিভ রোডসের শিষ্যরা। আর সেখানে জিততে পারলে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে দুবার শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেয় বাংলাদেশ।

২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ২০১২ সালে। সেবার পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানের ব্যবধানে হেরে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার স্টিভ রোডসের শিষ্যরা বেশ আত্মবিশ^াসী। এদিকে ঈদের আগেই এশিয়া কাপকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে নিয়মিত অনুশীলন করছেন ২৯ জন ক্রিকেটার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত রয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। আর স্ত্রী-সন্তান নিয়ে হজব্রত পালন করতে যান বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী রবিবার দ্বিতীয় ধাপের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।

Wednesday, August 29, 2018

দিশার সঙ্গে খুনসুটির খবরে খাপ্পা হৃতিক

বলিউডে কাদা ছোড়াছুড়ির খেলায় সাধারণত অংশ নেন না হৃতিক রোশান। তবে সবকিছুরই একটি সীমা আছে। কানকথা তীব্র হয়ে উঠলে মাঝেমধ্যেই রুদ্রমূর্তিতে কথা বলতে দেখা গেছে হৃতিককে। এবারও রেগে গেছেন তিনি। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যম নবীন অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে হৃতিককে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় খেপে গেছেন ‘সম্রাট আকবর’।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ, যশরাজ ফিল্মসের একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল হৃতিক রোশান ও দিশা পাটানির। নাচপ্রধান এই আসন্ন চলচ্চিত্র নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আভাস ছিল, নায়কের চরিত্রে হৃতিক ও নায়িকা হতে চলেছেন দিশা। কিন্তু দিশা নাকি ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কারণ, হৃতিক নাকি গায়ে পড়ে তাঁর সঙ্গে ভাব জমাতে চেয়েছিলেন! আর তাতেই নাকি অস্বস্তি হচ্ছিল দিশার।

প্রথমে এই খবরে প্রতিক্রিয়া জানাননি হৃতিক। অভিনেত্রী কঙ্গনা রনৌতের অভিযোগের পরিপ্রেক্ষিতেও প্রাথমিকভাবে চুপই ছিলেন রাকেশ রোশানের ছেলে। কিন্তু কানকথা আর সহ্য হয়নি হৃতিকের। শেষে মুখ খুলেছেন তিনি এবং তাতেই বেরিয়েছে ক্ষোভের আগুন। এক টুইট বার্তায় হৃতিক বলেছেন, এটি ডাহা মিথ্যে কথা। স্রেফ ‘আবর্জনা’

রোশান ও দিশা পাটানি

এটুকু বলেই থেমে থাকেননি হৃতিক। এই খবর প্রকাশকারীদের ব্যায়ামাগারে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। হৃতিকের আশা, তাতে যদি তাঁদের মন একটু সজীব হয়!

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মুখ খুলেছেন দিশা পাটানিও। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘হৃতিক স্যার ও আমাকে নিয়ে কিছু শিশুতোষ গসিপ ছড়ানো হয়েছে। আমি বলতে চাই, এগুলো একেবারেই সত্য নয়। তাঁর সঙ্গে যতটুকু পরিচিত হয়েছি, আমার মনে হয়েছে, তিনি একজন মর্যাদাবান ও আনন্দময় মানুষ।’ দিশা আরও জানিয়েছেন, হৃতিকের সঙ্গে কোনো ছবির কাজ থেকে সরে যাননি তিনি।

আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ ছবির কাজে এখন ব্যস্ত রয়েছেন ২৫ বছর বয়সী দিশা। এতে সহ-অভিনেতা হিসেবে তিনি পেয়েছেন সালমান খানকে

ওরা না থাকলে আমি কিছুই না: জেমস

অনেক বছর অডিও জগতে জেমসের নতুন কোনো গান নেই। অডিওতে পাওয়া না গেলেও চলচ্চিত্রের গানে হঠাৎ
হঠাৎ উঁকি দিতে দেখা যায় তাঁকে। গত কয়েক বছরে চলচ্চিত্রে যে কয়টা গান গেয়েছেন, সব কটিই সুপার হিট তকমা পেয়েছে। সর্বশেষ ‘সত্তা’ ছবির ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’ গানটিও সবার মুখে মুখে। তবে স্টেজ শো নিয়ে তিনি ভীষণ ব্যস্ত। এখনো কনসার্টে মাতিয়ে রাখেন দর্শক-শ্রোতাদের। নতুন গান আর গানের জগতের পরিবর্তন নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জেমস।
অনেক দিন আপনার নতুন কোনো গান নেই।

নতুন গান আবার কী! এক জীবনে যা গান গেয়েছি, এগুলো তো শুনে শেষ হবে না। তা ছাড়া এখন মন চাইছে না নতুন গান করি। আবার যদি মন বলে গান গাওয়ার জন্য, তখন অবশ্যই করব।

আপনাকে দিয়ে অনেক সুরকার ও সংগীত পরিচালক সিনেমার গান গাওয়াতে চান। কিন্তু আপনাকে নাকি পাওয়া যায় না।
আমার কাছে ১০টা গান পড়ে আছে। কোনোটারই কথা, সুর আর সংগীতায়োজন পছন্দ হচ্ছে না। পছন্দ হলে অবশ্যই গান করব। গত কয়েক বছরে তো সিনেমায় কয়েকটা গান গেয়েছি।

আপনি বাংলাদেশের গানের জগতের অনেক পরিবর্তন দেখেছেন। শুরুতে ক্যাসেট চলত, এরপর সিডি, এফএম রেডিও, এখন মানুষ ইউটিউবে গান শোনে। এই পরিবর্তনগুলাকে কীভাবে দেখেন?
পরিবর্তনকে আমি ইতিবাচকভাবে দেখছি। আগে একটা গান শ্রোতার কাছে পৌঁছাতে অনেক সময় লাগত, এখন দ্রুত তা সবার কাছে পৌঁছে যাচ্ছে। তা ছাড়া এখন শিল্পীকে গান প্রকাশের জন্য কোনো প্রতিষ্ঠানের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না। ছেলে-পেলেরা একটা গান বানিয়ে, ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। স্বাধীন একটা মাধ্যম, কোনো মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য নেই। কারও সহযোগিতা ছাড়াই একজন শিল্পী গান নিয়ে তাঁর কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারছেন। আর কোনোভাবে একজন শিল্পীর একটা গান যদি হিট হয়ে যায়, তাহলে তো কথাই নেই। কারও দয়ায় বাঁচতে হচ্ছে না।

জেমস। ছবি: কবির হোসেন

অনেক শিল্পী অভিযোগ করেন, পাইরেসির কারণে এখন আর সিডি চলে না।
না চলুক। সিডি চলতে হবে কেন? সিডি ছাড়াই তো এখন কত প্রতিভাবান শিল্পী আসছে, তাদের গান শ্রোতারা শুনছেন। সিডির বিকল্প হিসেবে তারা ইউটিউবকে বেছে নিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে এভাবে মানুষ তার প্রয়োজনের ব্যাপারটি খুঁজে নেয়। অনেক শিল্পী হিট হচ্ছে। এরা তো কোনো সিডি ব্যবসায়ীর মাধ্যমে হয়নি। ইন্টারনেটের যুগ, তাই এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশের গানের জগতে প্রথমে ‘গুরু’ হিসেবে পরিচিতি পান আজম খান। তারপর আপনি। যখন স্টেজে ওঠেন, তরুণ-তরুণীরা দর্শক সারি থেকে ‘গুরু’ বলে চিৎকার করে। তখন কেমন লাগে?
তাদের ‘গুরু’ বলে চিৎকার আমাকে উৎসাহ আর অনুপ্রেরণা দেয়। অসীম শক্তি জোগায়। মানুষের ভালোবাসার তীব্রতা টের পাই। আসলে শ্রোতারা থাকলেই তো আমি। ওরা না থাকলে আমি কিছুই না।

মানুষের নানা লক্ষ্য থাকে। আপনার?
না না না। আমি প্রতিটা দিন উপভোগ করি। আমি আমার মতো করে কাজ করে যাই। আমার আগ্রহ না থাকলে সে কাজ করি না। তাই সেভাবে লক্ষ্য থাকার তো কথাই না।

জেমস। ছবি: কবির হোসেন

গানের জগতে অনেক বছরের পথচলা। পেছন ফিরে তাকালে কেমন লাগে?
দারুণ অনুভূতি হয়। এক জীবনে অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসা পেতে কার না ভালো লাগে। এ এক স্বর্গীয় অনুভূতি। তবে এটাও ঠিক, পথটা মোটেও মসৃণ ছিল না। অনেক ওঠানামা ছিল। কিন্তু কখনোই হাল ছাড়িনি। গান করছি এটাই আমার আনন্দ, এটাই ছিল আমার ভালো লাগা-ভালোবাসা। তারপর কী হয়েছে, না হয়েছে এটা নিয়ে ভাবিনি। কিছু না হলেও গানই গাইতাম।

বলছিলেন নতুন অনেকে ভালো করছে। নতুনদের গান শোনা হয়?
পত্রিকা আর নানা মাধ্যম থেকে জানতে পারি, গানের জগতে নতুন অনেকে ভালো করছে। নিজেদের চেষ্টায় তারা এগিয়ে যাচ্ছে। তবে নতুনদের গান শোনার সময়টা হয়ে ওঠে না। এখন সবদিকে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, গানের জগৎ এর বাইরে নয়।

ঈদ উপলক্ষে কী কেনাকাটা করেছেন?
আমি কেনাকাটা করি না। ভক্তরাই আমার কেনাকাটার কাজ করে ফেলে। আর দেশের বাইরে যখন যাই, তখন শপিংমলে ঢুঁ মারি। আরামদায়ক যেকোনো পোশাক আমার পছন্দ।

Tuesday, August 28, 2018

মাদকের মামলায় একজনকে ১৪ বছরের জেল

নওগাঁয় মাদকের মামলায় মো. আলাউদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মজিবুর
রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আলাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি জামিনে গিয়ে বর্তমানে পলাতক।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার আরও দুই আসামি মোশাররফ হোসেন (৩৫) ও মো. সোহেলকে (২৮) বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডিত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

২০১৫ সালের ১৯ মে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার একটি দর জেলার নিয়ামতপুর উপজেলার চৌপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশ সদস্যরা চৌপাড়া ফাজিল মাদ্রাসার সামনে পৌঁছালে আসামি আলাউদ্দিন, মোশাররফ হোসেন ও সোহেল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাঁদের আটক করে। আলাউদ্দিনের হাতে থাকা ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নিরঞ্জন কুমার বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯(১) ধারায় মামলা করেন। আজ মামলার রায় হলো।


সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শামসুর রহমান। আসামি আলাউদ্দিনের পক্ষে আইনজীবী এসএম আব্দুর রহমান, মোশাররফ হোসেনের পক্ষে সোমেন্দ কুমার কুণ্ড এবং আসামি সোহেলের পক্ষে মোফাজ্জল হক মামলাটি পরিচালনা করেন।

গাজীপুর, বরগুনা ও নাটোরে বন্দুকযুদ্ধে’ নিহত ৩

গাজীপুরের টঙ্গীতে, বরগুনার পাথরঘাটায় ও নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ‘মাদক ব্যবসায়ী’ ও একজন ‘জলদস্যু’ ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত ও আজ মঙ্গলবার ভোররাতের দিকে এসব ঘটনা ঘটে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর: টঙ্গীতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শরিফ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, গতকাল দিবাগত রাত আড়াইটায় টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় র‍্যাব-১-এর অভিযানে দুই পক্ষের গুলিবিনিময়ের সময় ওই যুবক নিহত হন। র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হানিফ বলেন, নিহত ব্যক্তি তুরাগ এলাকার বাসিন্দা। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি ও চার হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান হানিফ। মরদেহ উদ্ধার করে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাথরঘাটা, বরগুনা: আজ ভোররাত চারটার দিকে পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র‍্যাব-৮-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম ওরফে রানা (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। র‍্যাব-৮-এর উপসহকারী পরিচালক আমজাদ হোসেন ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, রফিকুল জলদস্যু বাহিনীর সদস্য ছিলেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি এবং অস্ত্রসহ উদ্ধার মালামাল বুঝে নেওয়ার কাজ চলছে।

নাটোর: লালপুরের জয়ন্তীপুর মাঠে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। র‍্যাবের ভাষ্য, মেহেরের বিরুদ্ধে একটি খুন, ছয়টি মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। তিনি লালপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।